রামপাল-পায়রার বিদ্যুতের দাম চূড়ান্ত, মাতারবাড়ীর চেয়ে বেশি
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬। ৮:২৮:৩৮ এএম
কয়লাভিত্তিক দুই বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা ও রামপাল থেকে বিদ্যুৎ কিনতে ইউনিটপ্রতি দাম ১০ টাকার কাছাকাছি নির্ধারণের সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে পায়রার বিদ্যুতের দাম ৭ দশমিক ৯৯ সেন্ট এবং রামপালের ৮ দশমিক ১৬ সেন্ট।
সরকারি মালিকানাধীন মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের তুলনায় পায়রা ও রামপালের বিদ্যুতের দাম বেশি থাকছে। মাতারবাড়ীর ইউনিটপ্রতি ৮ টাকা ৪৫ পয়সা দামকে মানদণ্ড ধরে দর-কষাকষি করলেও শেষ পর্যন্ত দুই কেন্দ্রের বিদ্যুতের দাম কমাতে পারেনি সরকার।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় ২২টি প্রস্তাবের মধ্যে ১৮টি অনুমোদনের সুপারিশ করা হয়। এতে সরকারের ব্যয় হবে প্রায় ১৬ হাজার ২৪৭ কোটি টাকা, যার অর্ধেকের বেশি যাবে জ্বালানি তেল আমদানিতে। একই দিনে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৯তম সভাও অনুষ্ঠিত হয়।পটুয়াখালীর পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপারক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)।
ক্রয় কমিটির প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রটির লেভেলাইজড ট্যারিফ প্রতি ইউনিট ৭ দশমিক ৯৮৫৮ মার্কিন সেন্ট। এর মধ্যে ক্যাপাসিটি চার্জ ৩ দশমিক ১০৭৮ সেন্ট এবং জ্বালানি খরচ ৪ দশমিক ৮৭৮০ সেন্ট। প্রস্তাবে পায়রার বিদ্যুতের প্রতি ইউনিটের দাম দেখানো হয়েছে ৬ টাকা ৭৮ পয়সা। তবে, এ হিসাব করা হয়েছে প্রতি ডলার ৮৫ টাকা ধরে, যা কয়েক বছর আগের বিনিময় হার। বর্তমানে আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের দাম ১২৪ টাকার বেশি। বর্তমান বিনিময় হার অনুযায়ী, পায়রার বিদ্যুতের দাম দাঁড়ায় প্রতি ইউনিট প্রায় ৯ টাকা ৯৩ পয়সা।
বাগেরহাটের রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। কেন্দ্রটির বিদ্যুৎ কেনার জন্য দুই ধরনের ট্যারিফ অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
প্রাথমিক পরিচালনা শুরু (আইওডি) থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু (সিওডি) পর্যন্ত প্রতি ইউনিটের দাম ৮ দশমিক ২৮২৮ মার্কিন সেন্ট। আর বাণিজ্যিক উৎপাদন শুরুর পর দাম হবে ৮ দশমিক ১৬৪৮ সেন্ট।
রামপালের বিদ্যুতের দাম প্রস্তাবে প্রতি ইউনিট ৯ টাকা ১১ পয়সা ও ৮ টাকা ৯৮ পয়সা দেখানো হয়েছে। এ হিসাব করা হয়েছে প্রতি ডলার ১১০ টাকা ধরে। তবে বর্তমান বিনিময় হার অনুযায়ী, দাম দাঁড়ায় যথাক্রমে প্রায় ১০ টাকা ৩০ পয়সা ও ১০ টাকা ১৫ পয়সা।
ডলারের হিসাবে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের তুলনায় রামপালের বিদ্যুতের দাম প্রায় সাড়ে ৬ শতাংশ এবং পায়রার প্রায় ৪ শতাংশ বেশি। দুই কেন্দ্রের সঙ্গেই ডলারভিত্তিক বিদ্যুৎ ক্রয় চুক্তি হওয়ায় টাকার অবমূল্যায়নের পুরো চাপ পড়ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ওপর।
পিডিবির হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে রামপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে ব্যয় হয়েছিল ১৫ টাকা ২৯ পয়সা এবং পায়রা থেকে ১১ টাকা ৮৩ পয়সা। গত বছরের ডিসেম্বরে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের দামকে মানদণ্ড ধরে এ দুই কেন্দ্রের বিদ্যুতের দাম কমাতে নতুন করে দর-কষাকষি শুরু করে অন্তর্বর্তী সরকার। তবে চলতি বছরের শুরুতে দুই কেন্দ্রের বিনিয়োগকারীরা জানান, ঋণদাতা ব্যাংকগুলো ঋণের সুদ কমাতে রাজি না হওয়ায় বিদ্যুতের দাম কমানো সম্ভব নয়।
এবার অনুমোদিত দাম আগের তুলনায় কতটা কমেছে, তা ক্রয় কমিটির প্রস্তাবে উল্লেখ করা হয়নি। এ ছাড়া লেভেলাইজড ট্যারিফ হলো চুক্তির মেয়াদজুড়ে বিদ্যুতের গড় দাম। কয়লার দাম ওঠানামার সঙ্গে প্রকৃত বিদ্যুতের দামও পরিবর্তিত হতে পারে।
জ্বালানি তেল আমদানির চারটি প্রস্তাবই আগামী বছরের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য। এর মধ্যে ফার্নেস অয়েল আমদানিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৯৪ কোটি টাকা ব্যয় হবে। এ ছাড়া অকটেন আমদানিতে ২ হাজার ১১১ কোটি এবং দুটি প্যাকেজে ডিজেল আমদানিতে ২ হাজার ৪০৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
ফার্নেস অয়েল ও ডিজেল সরবরাহ করবে সিঙ্গাপুরের ট্রাফিগুরা। আর অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর। ডিজেল ও জেট ফুয়েল আমদানির আরও দুটি প্যাকেজ অধিকতর পর্যালোচনার জন্য পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
রেল খাতে চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের দুটি প্যাকেজে ৪ হাজার ৬২৯ কোটি টাকার কাজ অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-গুমদণ্ডী ও পাহাড়তলী-ঝাউতলা অংশের কাজ ২ হাজার ৭১৮ কোটি টাকায় পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। আর গুমদণ্ডী-দোহাজারী অংশের কাজ ১ হাজার ৯১১ কোটি টাকায় পেয়েছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে সরকারি পর্যায়ে (জি-টু-জি) যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৮০ হাজার টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৯০৯ কোটি টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। ইউএস হুইট অ্যাসোসিয়েশনের মনোনীত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল এ গম সরবরাহ করবে।
সার আমদানির তিনটি প্রস্তাবও অনুমোদনের সুপারিশ পেয়েছে। এর মধ্যে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের কাছ থেকে ৪০ হাজার টন এমওপি সার কেনা হবে প্রতি টন ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলারে। সৌদি আরবের সাবিক থেকে ৪০ হাজার টন ইউরিয়া আমদানি করা হবে প্রতি টন ৪২৩ দশমিক ৩৩ ডলারে। আর কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া কেনা হবে প্রতি টন ৩৯৭ দশমিক ৮৮ ডলারে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয় দরপত্রের মাধ্যমে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। মেঘনা সুগার রিফাইনারি এ চিনি সরবরাহ করবে। অন্যদিকে, প্রতি কেজি মসুর ডাল কেনা হবে ৭৭ টাকা ২৫ পয়সায়। ডাল সরবরাহ করবে রাজশাহীর নাবিল নাবা ফুডস।
এ ছাড়া কয়েকটি অবকাঠামো প্রকল্পের কাজও অনুমোদনের সুপারিশ পেয়েছে। কর্ণফুলী টানেল থেকে গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়কের একটি প্যাকেজের কাজ ১৬৮ কোটি টাকায় পেয়েছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স। ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক পুনর্বাসনের কাজ ১৪৯ কোটি টাকায় পেয়েছে মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে, খুলনা পানি সরবরাহ প্রকল্পের দুটি প্যাকেজে ৬৩৫ কোটি টাকার কাজ পেয়েছে আরএফএল প্লাস্টিকস ও চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ।
চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশন প্রকল্পের পরামর্শক চুক্তির ব্যয় প্রায় ২২ কোটি টাকা বাড়ানো হয়েছে। এতে চুক্তিমূল্য ৮২ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৩ কোটি ৮১ লাখ টাকা, যা প্রায় ২৬ শতাংশ বেশি। এর মধ্যে ডলারে পরিশোধযোগ্য অংশ বেড়েছে ৪৫ শতাংশ।
সভায় সংশ্লিষ্ট বিভাগের অনুরোধে দুটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে যমুনা সেতুর পাঁচ বছরের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের পুনঃদরপত্র এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ তলা ভবন নির্মাণের কাজ।
অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। একই সভায় মানবিক সহায়তার জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
জাতীয় | ২৬ নভেম্বর ২০২৬
রামপাল-পায়রার বিদ্যুতের দাম চূড়ান্ত, মাতারবাড়ীর চেয়ে বেশি

























