মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রিমনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬। ১:১১:৪০ পিএম
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম খান রিমন সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ্যাডঃ সাইফুল ইসলাম খান রিমন মানিকগঞ্জ সদর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নবগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ শিব মন্দির প্রাঙ্গনে এই নির্বাচনী প্রচারণার আয়োজন করা হয়। গ্রামীণ পরিবেশের এই উঠান বৈঠকে এলাকার বয়োবৃদ্ধ, তরুণ ভোটার এবং নারীসহ সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উঠান বৈঠকে উপস্থিত সাধারণ ভোটাররা অ্যাডভোকেট সাইফুল ইসলাম খান রিমনকে আগামীর চেয়ারম্যান হিসেবে দেখতে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এলাকার উন্নয়নে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে তারা তাকে বিপুল ভোটে বিজয়ী করার জোরালো প্রতিশ্রুতি দেন।
বৈঠকে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম খান রিমন বলেন, “আপনাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হই বা না হই, আজীবন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। মৃত্যুর আগ পর্যন্ত নবগ্রাম ইউনিয়নবাসীর সঙ্গে ঐক্যবদ্ধ থেকে এই এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রার্থীর সৎ জীবনযাপন এবং আইনি পেশার মাধ্যমে সাধারণ মানুষের সেবা করার দীর্ঘ অভিজ্ঞতা এলাকার মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সর্বশেষ | ১৯ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রিমনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত



















