নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ
- প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬। ৫:২০:১৫ এএম
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্যরা
সরকারের গঠিত মজুরি বোর্ড নতুন বেতন ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ কমেনি গাজীপুরের শিল্পাঞ্চলে। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়সহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা দুটি মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে জড়ো হন। একপর্যায়ে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হন। বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। জবাবে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “সকাল থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সদস্যরা কাজ করছে।
সর্বশেষ | ২৫ নভেম্বর ২০২৬
নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ




















