ক্যামেরার পেছনের অজানা গল্প নিয়ে সাংবাদিক বি.এম খোরশেদের ‘ক্যামেরার চোখে জীবন’
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬। ৬:২২:০২ এএম
দুই দশকেরও বেশি সময়ের মাঠ সাংবাদিকতার অভিজ্ঞতা, পেশাগত জীবনের নানা ঘটনা ও মানুষের গল্প নিয়ে সাংবাদিক বি.এম. খোরশেদের লেখা বই ‘ক্যামেরার চোখে জীবন’ প্রকাশিত হয়েছে। বইটির উপশিরোনাম ‘মাঠ সাংবাদিকের বৈচিত্রময় দিনরাত্রি’।
বইটিতে একজন মাঠ সাংবাদিকের কর্মজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি সংবাদ সংগ্রহের পেছনের গল্প, পেশাগত চ্যালেঞ্জ, আনন্দ-বেদনা এবং সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে। বইটিতে রয়েছে মোট ৪১টি অধ্যায়। ১৬০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘সাহিত্যদেশ’।
বইমেলা-২০২৭ উপলক্ষে বইটি প্রকাশিত হলেও ইতোমধ্যে পাওয়া যাচ্ছে অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারি ডটকমসহ প্রকাশনা সংস্থা সাহিত্যদেশের নিজস্ব ওয়েবসাইটে।
বি.এম. খোরশেদ বর্তমানে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে মানিকগঞ্জে কর্মরত। পাশাপাশি তিনি টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ), মানিকগঞ্জের সভাপতি। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু ও জনজীবনের নানা বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন করেছেন।
লেখক বি.এম. খোরশেদ বলেন, ‘ক্যামেরার চোখে জীবন’ শুধু আমার সাংবাদিকতার গল্প নয়, এটি মাঠে কাজ করা একজন সাংবাদিকের দেখা মানুষ, সমাজ ও সময়েরও একটি দলিল।
বইটি সাংবাদিকতা পেশায় আগ্রহী তরুণদের পাশাপাশি সাধারণ পাঠকদেরও মাঠ সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেবে বলে আশা করছেন লেখক।
শিক্ষা | ২৬ নভেম্বর ২০২৬
ক্যামেরার পেছনের অজানা গল্প নিয়ে সাংবাদিক বি.এম খোরশেদের ‘ক্যামেরার চোখে জীবন’




















