মানিকগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
- প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর ২০২৬। ৬:৪৮:৫৫ এএম
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া (৩০)।
শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সজীব। এ সময় উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। প্রতিবেশীদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপরাধ | ২২ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ





















