স্থানীয় নির্বাচন নিয়ে ইসির আইনশৃঙ্খলা বৈঠক ১৬ সেপ্টেম্বর
- প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬। ৫:২৮:৫২ এএম
আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) সভায় সভাপতিত্ব করবেন। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।
ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
জাতীয় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির আইনশৃঙ্খলা বৈঠক ১৬ সেপ্টেম্বর






















