সিংগাইরে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা
- প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬। ১:৪০:২৮ পিএম
মানিকগঞ্জের সিংগাইরে দুই লাখ টাকা চাঁদা দাবি, মামলা প্রত্যাহারে চাপ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আদালতে নালিশী মামলা করেছেন এফ এম রিপন আক্তার ফজলু (৪৩) নামে এক নারী।
সোমবার (৩১ আগস্ট) সিংগাইর থানা আমলী আদালতে এ নালিশী দরখাস্ত দাখিল করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৮৫ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিরা হলেন—সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মাহাবুবুর রহমান মিঠু (৫০), কাংশা গ্রামের জহির (৫০) এবং আঙ্গারিয়া গ্রামের আব্দুল হক (৪৫)।
নালিশী দরখাস্তে বাদিনী অভিযোগ করেন, ৩নং আসামি আব্দুল হক পূর্বে তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ওই সময় বাদিনীর শয়নকক্ষে থাকা একটি মাটির ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে ৩নং আসামির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরে এ ঘটনায় বাদিনীর স্বামী ৩নং আসামি, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা করেন। মামলাটি সিংগাইর ৩১(০৮)২০২৬, তারিখ ২৫ আগস্ট ২০২৬ বলে নালিশে উল্লেখ করা হয়েছে।
বাদিনীর অভিযোগ, ওই মামলায় আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর গত ২৮ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ৩নং আসামি অপর দুই আসামিকে সঙ্গে নিয়ে তার বাড়ির নিচতলার গেটের সামনে আসেন। এ সময় তারা তাকে গালিগালাজ করেন এবং স্বামীর দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেন।
নালিশে আরও বলা হয়, একপর্যায়ে ১নং আসামি জরিমানা বাবদ এক লাখ টাকা এবং চাঁদা বাবদ আরও এক লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দ্রুত পরিশোধ না করলে পরিস্থিতি ভয়াবহ করে তোলা এবং মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এছাড়া পাঁচ দিনের মধ্যে দাবিকৃত টাকা না দিলে বাদিনী বা তার পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রাণনাশ করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়েছে।
বাদিনী দাবি করেন, ঘটনার সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। এছাড়া ঘটনার সত্যতা প্রমাণের জন্য তার কাছে আরও সাক্ষী রয়েছে, প্রয়োজন হলে তাদের আদালতে উপস্থাপন করা হবে।
নালিশী দরখাস্তে বাদিনী আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলাটি মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের মাধ্যমে তদন্তের জন্য আদেশ প্রদানের আবেদন করেছেন।
তবে আসামিদের বক্তব্য এ প্রতিবেদনের সময় পাওয়া যায়নি।
মামলার বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মানবেন্দ্র বলেন, কোর্ট থেকে মামলার কোন কপি বা আদেশ এখনো তারা পান নাই। আদালতের আদেশ পেলে সেই বিষয়ে যথাযথ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে মন্তব্য করেন ওসি।
অপরাধ | ৬ সেপ্টেম্বর ২০২৬
সিংগাইরে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা




















