অভিযোগের পাহাড়, তবুও ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন মানিকগঞ্জে সমালোচিত ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান
- প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬। ২:১৬:১৮ পিএম
বিভিন্ন অভিযোগ ও বিতর্কের মধ্যেও ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেয়েছেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান। তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, মাদ্রাসার মার্কেটের ভাড়া ও জামানতের টাকা আত্মসাৎ, ভুয়া ডিগ্রি ব্যবহার করে অধ্যক্ষের পদ পাওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে বলে জানা গেছে। এমন একজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়ায় বিষয়টি নিয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
সোমবার (৫ অক্টোবর) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক দিবসের সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, গুণী শিক্ষক-মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক ড. মো. জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ের ইনস্ট্রাক্টর আবীর হাসান মুকুল ও শিবালয় উপজেলার তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অবদান নিয়ে আলোচনা করেন।
সভাশেষে তিন ক্যাটাগরিতে জেলার নয়জন শ্রেষ্ঠ শিক্ষকদের গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়। এরমধ্যে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমানকেও গুণী শিক্ষক হিসেবে সন্মাননা দেওয়া হয়।
তবে সম্মাননা দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে। যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ রয়েছে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাকে কীভাবে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হলো?
খোঁজ নিয়ে জানা যায়, মুহাম্মদ আতিকুর রহমান একসময় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা উলামা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে তিনি একটি লিখিত অঙ্গীকারনামা দিয়েছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওই অঙ্গীকারনামায় তিনি বিএনপিকে ‘মনে-প্রাণে ঘৃণা’ করার পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ইসলামী দল নয়’-এমন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় তার অবস্থানে সন্তুষ্ট হয়ে জাহিদ মালেক তার পক্ষে অবস্থান নেন বলেও দাবি সংশ্লিষ্টদের।
পরবর্তীতে দীর্ঘদিন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ হিসেবে আতিকুর রহমান মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি জাহিদ মালেকের নির্বাচনী প্রচারণায়ও তাকে অংশ নিতে দেখা গেছে বলে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন।
এর বাইরে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, মাদ্রাসার মার্কেটের দোকানের ভাড়া ও জামানতের টাকা আত্মসাৎ এবং ভুয়া ডিগ্রি ব্যবহার করে অধ্যক্ষের পদ বাগিয়ে নেওয়ার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের জেরে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানা গেছে। বর্তমানে তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এছাড়া বিভিন্ন সময়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ডজনখানেক জাতীয় শীর্ষ দৈনিক ইত্তেফাক, যুগান্তর সহ স্থানীয় পত্রিকায় অধ্যক্ষ আতিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া মাদ্রাসার বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের নকল করতে সহায়তা ও নারী কেলেংকারীর মতো ঘটনাও ঘটেয়েছে এই অধ্যক্ষ।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রশ্ন, একজন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা দেওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ, মামলার তথ্য ও পূর্বের কর্মকান্ড যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না। তাদের মতে, শিক্ষকদের সম্মাননা অবশ্যই প্রাপ্য ব্যক্তিদের দেওয়া উচিত এবং এ ক্ষেত্রে স্বচ্ছ ও গ্রহণযোগ্য যাচাই-বাছাই প্রয়োজন।
এবিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো: আমির হোসেনের মোবাইলে এধরনের একজন সমালোচিত শিক্ষককে গুনী সম্মানণা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন মাদ্রারাসা ক্যাটাগরিতে থেকে শুধুমাত্র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমানই আবেদন করেছেন। আর কেউ আবেদন না করায় তাকেই মনোনীত করা হয়েছে। এছাড়া আগে তার বিষয়ে এমন অভিযোগের কোন তথ্য কেউ দেয়নি বা আমাদের জানা ছিলো না।
সারাদেশ | ৬ অক্টোবর ২০২৬
অভিযোগের পাহাড়, তবুও ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন মানিকগঞ্জে সমালোচিত ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান



















