মানিকগঞ্জে নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে লোকসানের দাবি ব্যবসায়ীদের
- প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর ২০২৬। ১০:৫৬:৫৫ এএম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়ছেন বলে দাবি করেছেন মানিকগঞ্জের ব্যবসায়ীরা। পরিবহন ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় কোম্পানিগুলো থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
রোববার (১১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এলপিজির বাজারমূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরেন ব্যবসায়ীরা।
সভায় জেলা এলপিজি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি মো. লোকমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া জানান, অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। অথচ কোম্পানিভেদে পরিবেশকদের কাছে ১ হাজার ৭৪২ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। ফলে নির্ধারিত দামে গ্যাস বিক্রি করা কঠিন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সমিতির নেতারা। ব্যবসায়ীদের দাবি, পরিবহন, লোড-আনলোড ও অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বাজারে মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয় সভায়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ প্রমুখ।
সারাদেশ | ১১ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে লোকসানের দাবি ব্যবসায়ীদের




















