বাংলা-গণিতে দুর্বল শিক্ষার্থীদের পাঠে ফেরাচ্ছে ‘পাঠমিতা বিদ্যালয়’
- প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬। ১১:১১:৫৬ এএম
প্রাথমিক বিদ্যালয়ে পড়লেও অনেক শিক্ষার্থী বাংলা ও গণিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না। এমন শিক্ষার্থীদের চিহ্নিত করে আনন্দঘন পরিবেশে মৌলিক শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (পাসা) এনজিওর মাধ্যমে পরিচালিত ‘পাঠমিতা বিদ্যালয়’।
মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ, ডাউটিয়া, ভাটবউর, দিঘী ও পাঞ্জনখাড়া; এই পাঁচটি গ্রামে পাঁচটি পাঠমিতা বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিদ্যালয়ে বর্তমানে ১৬৫ জন শিক্ষার্থীকে বাংলা ও গণিতসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে।
পাঠমিতা বিদ্যালয়ের শিক্ষক কল্পনা, মুক্তা, জান্নাতুল ফেরদৌস বন্যা ও ফারজানা আক্তার সুপ্তি জানান, ৮ থেকে ১৩ বছর বয়সী যেসব শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করলেও বাংলা ও গণিতে তুলনামূলকভাবে দুর্বল, তাদেরই মূলত পাঠমিতা বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের সক্ষমতা অনুযায়ী বিভিন্ন কলা-কৌশল ও আনন্দদায়ক পদ্ধতিতে পাঠদান করা হয়।
এসব শিক্ষকেরা বলেন, প্রচলিত শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন উপকরণ ব্যবহার ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে। এতে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ছে এবং দুর্বল শিক্ষার্থীরা ধীরে ধীরে বাংলা পড়া, লেখা ও গণিতের মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারছে।
পাঠমিতা বিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করছে। তাদের ভাষ্য, এখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবে শেখানো হয়, ফলে কঠিন বিষয়গুলোও সহজে বুঝতে পারছে তারা।
শিক্ষার্থীদের অবিভাবকদের মতে, প্রাথমিক পর্যায়ে বাংলা ও গণিতে দুর্বলতা তৈরি হলে পরবর্তী শিক্ষাজীবনে এর প্রভাব পড়ে। তাই বিদ্যালয়ের পাশাপাশি এ ধরনের সহায়ক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাসা এনজিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খান বলেন, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় এগিয়ে আনাই পাঠমিতা বিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। বর্তমানে পাঁচটি গ্রামের ১৬৫ জন শিক্ষার্থীকে নিয়ে কার্যক্রম চলছে। ভবিষ্যতে প্রয়োজন ও সুযোগ অনুযায়ী এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।
শিক্ষা | ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা-গণিতে দুর্বল শিক্ষার্থীদের পাঠে ফেরাচ্ছে ‘পাঠমিতা বিদ্যালয়’

























