স্কাউটদের মানুষের সেবায় কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
- প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬। ১২:৪৮:৩৯ পিএম
স্কাউটের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে মানুষের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
তিনি বলেছেন, “প্রথম প্রায়োরিটি হচ্ছে লেখাপড়া। পড়ালেখার পাশাপাশি নিজেদেরকেও গড়ে তুলতে হবে। আমরা মানুষের সেবায় কাজ করব। মানুষের সেবায় কাজ করাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।”
রোববার (১৩ সেপ্টেম্বর) মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আয়োজিত ‘স্কাউট অ্যাডভেঞ্চার ও ডে ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সামনে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। এ কাজে স্কাউটের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে স্কাউটরা ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি স্কাউট শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জে একটি স্কাউট ভবন নির্মাণের আশ্বাস দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। পাশাপাশি স্কাউট শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানোর জন্য তিনি ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলার সভাপতি নাজমুন আরা সুলতানা।
অনুষ্ঠানে স্কাউটের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও নেতৃবৃন্দ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ খাইরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সারাদেশ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্কাউটদের মানুষের সেবায় কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর





















