শ্যুটিংয়ের পোশাক পরতে পরতে চলে গেলেন সোহেল খান : মুকিত জাকারিয়া
- প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬। ৪:০৬:৫৩ পিএম
শ্যুটিং চলাকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সোহেল খান
‘‘শ্যুটিংয়ের পোশাক পরতে পরতেই মারা গেলেন সোহেল খান। সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা জুতা ও সাদা মোজা পরে শুটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন। গাড়ি থেকে নেমে আমার সঙ্গে তাঁর শট দেওয়ার কথা ছিল। কিন্তু সেই শট আর দেওয়া হলো না।’’
সহকর্মী ও বন্ধু অভিনেতা সোহেল খানের মৃত্যুর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন মডেল, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা মুকিত জাকারিয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার মমইন এলাকায় ‘নসিব’ সিনেমার শ্যুটিং চলাকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত মুকিত জাকারিয়া বলেন, ‘‘সোহেল শুধু একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন অসাধারণ একজন মানুষ। তাঁর মতো সহযোগিতাপরায়ণ, সাদাসিধে ও মাটির মানুষ শিল্পীদের মধ্যে খুব কম দেখা যায়।’’
মুকিত জাকারিয়া বলেন, ‘‘সোহেল খান খুব হেল্পফুল, মাই ডিয়ার মানুষ ও সাপোর্টিভ ছিলেন। এরকম মানুষ দুর্লভ। আমি মনে করি, আমরা একজন দুর্দান্ত অভিনেতাকে হারালাম। সোহেল খান ছিলেন আমাদের বিশাল সম্পদ। তিনি মাটির মানুষ ছিলেন। খুব সহজ-সরলভাবে কথা বলতেন। আমাদের শিল্পীদের মধ্যে এত সাদাসিধে কথাবার্তার মানুষ খুব কম পাওয়া যায়।’’
শ্যুটিংয়ের শেষ মুহূর্তের স্মৃতিচারণা করে তিনি বলেন, সোহেলের সঙ্গে একই দৃশ্যে অভিনয়ের কথা ছিল তাঁর। দুজনের পোশাকও একইভাবে নির্ধারণ করা হয়েছিল। সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা জুতা ও সাদা মোজা পরে শুটিংয়ের প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। গাড়ি থেকে নেমেই মুকিতের সঙ্গে শট দেওয়ার কথা ছিল সোহেলের। কিন্তু সেই শট দেওয়ার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
সোহেলের সঙ্গে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা তুলে ধরে মুকিত জাকারিয়া বলেন, তাঁর নিজের অভিনয় জীবনের বয়স প্রায় সাড়ে ১৩ বছরের। অন্যদিকে সোহেলের অভিনয় জীবন প্রায় ২৫ বছরের। এই সময়ে তাঁর করা কাজের প্রায় ৪৫ শতাংশেই সহকর্মী হিসেবে পেয়েছেন সোহেলকে। ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’ ‘সিজন টু’ এবং রাজের পরিচালনায় বিভিন্ন নাটকে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। বড় বড় ধারাবাহিকেও অভিনয় করেছেন সোহেল।
মুকিত বলেন, ‘‘সেটে সোহেল সব সময় সহযোগিতা করতেন। আমরা ১৮ তারিখে রওনা দেব, অথচ ১৬ তারিখ থেকে তিনি আমাকে বলতেন, মুকিম ভাই, তুমি কিন্তু আবার সহযোগিতা করবা। অথচ শেষ পর্যন্ত তিনিই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। তাঁর কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি।’’
সোহেলের ব্যক্তিত্বের আরেকটি দিক তুলে ধরে এই অভিনেতা বলেন, শ্যুটিং ইউনিটের ১৬৪ জন সদস্যের প্রত্যেকের সঙ্গে হাসিমুখে কথা বলতেন সোহেল। টি-বয় থেকে শুরু করে প্রোডাকশন বয় সবার খোঁজখবর নিতেন। কেউ খেয়েছেন কিনা, তা জানতে চাইতেন। নিজের খাবার বা ফল অন্যদের খেতে দিতেন। সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন।
সোহেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশ থেকে অসংখ্য ফোন পেয়েছেন জানিয়ে মুকিত বলেন, ‘‘মৃত্যুর খবর শোনার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের ফোন আসতে শুরু করে। লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে মানুষ ফোন করেছেন। সবাই একই কথা বলেছেন কী অদ্ভুত ভালো একজন মানুষ চলে গেলেন।’’
মুকিত বলেন, ‘‘সোহেলের সঙ্গে আমার প্রতিদিনের কাজের অভিজ্ঞতাই স্মরণীয়। তাঁর মতো ভালো মানুষ হয় না। তিনি খুব ভালো অভিনেতা ছিলেন। এত সাবলীল অভিনয় এবং মাটির মতো সহজ স্বাভাবিক অভিনয় আমাদের দেশে খুব কম শিল্পী করতে পারেন।’’
‘‘আমি মনে করি, তিনি ছিলেন বিরল একজন শিল্পী।’’- বলেন মুকিত জাকারিয়া।
প্রধান সংবাদ | ২৪ নভেম্বর ২০২৬
শ্যুটিংয়ের পোশাক পরতে পরতে চলে গেলেন সোহেল খান : মুকিত জাকারিয়া

























