গুঞ্জন উড়িয়ে সাবেক রাষ্ট্রপতি বললেন, ‘অসুস্থতার কারণেই পদত্যাগ
- প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২৬। ৪:১৫:২৮ এএম
অসুস্থতার কারণেই পদত্যাগপত্র করেছেন, দাবি করে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়ানো নানা ধরনের আলোচনা ও গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন, অপতথ্য ও কল্পনাপ্রসূত।
শুক্রবার (২৪ জুলাই) বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি বলেছেন, “সেখানে অসুস্থতার কারণ দেখানো হয়েছে। সেটাই সত্য। মিডিয়াতে যেসব কথা হচ্ছে, এগুলো সম্পূর্ণ বেসলেস। এগুলো অপতথ্য, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।”
তিনি বলেন, “কেউ নিজের মনের মতো করে একটি কথা লিখে দিল, এর পর সেটি নিয়েই সবাই টানাটানি শুরু করল। কোনো ফোন পাওয়ার পর আমি পদত্যাগ করেছি— এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এগুলো সম্পূর্ণ বাজে কথা।”
বঙ্গভবনে অবস্থানের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, “আইন অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত থাকার সুযোগ রয়েছে। এর পর আমি বাসায় চলে যাব।”
তিনি বলেন, “আমি তো কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। সংকটময় সময়ে আমি সংবিধানকে ধরে রেখেছি। এজন্য আমি গর্বিত মনে করি।”
মো. সাহাবুদ্দিন দাবি করেন, সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সংকটকালে সংবিধান অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, “সাংবিধানিক ক্ষমতাবলে আমি অন্তর্বর্তী সরকার গঠন করে দিয়েছি। সেই সরকার দায়িত্ব পালন করেছে, নির্বাচন হয়েছে এবং এখন নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে।”
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “দেশের স্বার্থ ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আমি আমার দায়িত্ব পালন করেছি।”
সর্বশেষ | ২৫ জুলাই ২০২৬
গুঞ্জন উড়িয়ে সাবেক রাষ্ট্রপতি বললেন, ‘অসুস্থতার কারণেই পদত্যাগ


























