মানিকগঞ্জকে মাদক ও ইভটিজিংমুক্ত করা হবে: এস এ জিন্নাহ কবির
- প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬। ১০:০২:৩৩ এএম
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, ‘আমার নির্বাচনি এলাকা মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, চাঁদাবাজমুক্ত রাখতে জীবনবাজি রেখে কাজ করে যাব। প্রতিটি এলাকায় মাদক ও ইভটিজিং-বিরোধী সমাবেশ করে সবাইকে সচেতন করা হবে।’
শুক্রবার বিকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস এ জিন্নাহ কবির আরও বলেন, সারা দেশে মাদক ও ইভটিজিং এখন অন্যতম বড় সমস্যা। মাদকের ভয়াবহতা গ্রাম থেকে শহর সবখানেই বিস্তার লাভ করেছে। সময় এসেছে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফায় কৃষকের ভাগ্য উন্নয়নের কথা বলেছেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির কথা বলেছেন। তিনি মাদকমুক্ত দেশ গড়ার বিষয়েও সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
রাজনীতি | ১৮ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জকে মাদক ও ইভটিজিংমুক্ত করা হবে: এস এ জিন্নাহ কবির
























