মানিকগঞ্জে শ্রমিক সমাবেশ: ন্যায্য অধিকার ও পরিবেশ দূষণ বন্ধের দাবি শ্রমিক নেতাদের
- প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২৬। ৪:৩৪:৩৪ এএম
মানিকগঞ্জে শিল্পাঞ্চলের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং কলকারখানার বর্জ্য ও দূষিত পানি সরাসরি নদীতে ফেলার প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল চারটার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়নের চরখন্ড গোলরা এলাকায় আকিজ গেইটে এ সমাবেশের আয়োজন করে শিল্পাঞ্চল শ্রমিক দলের নেতারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন। তিনি বলেন, আওয়ামী লীগের দোসরদের সাথে আতামিয়া কোম্পানির সাথে আঁতাত করে টাকা পয়সা খেয়ে জেটি আই নামে পরিচালনা করা শুরু করেছে। কোম্পানির সাথে মিলে আতামিয়ারা এখন বেতন কম দেয়া শুরু করেছে। আর যে সব শ্রমিক আন্দোলন করত ন্যায্য কথা বলতো তাদেরকে বিভিন্ন অজুহাতে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে। স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেলেও এই আতামিয়া তাদের দোসরদের নিয়ে এ ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছে।
তিনি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি পীর বাবুল হোসেন, জেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক আলামিন সাদী, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন খোকা, সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম চৌধুরী, ধানকোড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল হোসেন, জেলা শ্রমিক দলের সদস্য মামুনুর রশিদ, জেলা শিল্পাঞ্চল শ্রমিকদল নেতা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং পরিবেশ দূষণ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন।
রাজনীতি | ২০ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে শ্রমিক সমাবেশ: ন্যায্য অধিকার ও পরিবেশ দূষণ বন্ধের দাবি শ্রমিক নেতাদের
























