বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬। ৪:২৮:২৭ এএম
ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে আবারও ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রোরেল করপোরেশন (ডিএমআরসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।
জন্তর মন্তর এলাকায় গত দুই মাস ধরে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে। সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ কর্মসূচিতে মানুষের উপস্থিতি বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবারও একই ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।
এর আগে বুধবার এসব স্টেশন বন্ধ করে দেওয়ার প্রায় আট ঘণ্টা পর আবার খুলে দেওয়া হয়েছিল। তবে জন্তর মন্তর এলাকায় বিক্ষোভকারীদের ভিড় আরও বাড়তে থাকায় বৃহস্পতিবার সকালে পুনরায় স্টেশনগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিক্ষোভস্থলে মানুষের উপস্থিতি বাড়তে থাকায় দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমটি।
বিশ্ব | ২৩ জুলাই ২০২৬
বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন

























