মানিকগঞ্জে হাজারো মানুষকে ফ্রি চিকিৎসা দিল মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন
- প্রকাশিত : রবিবার, ২৪ মে ২০২৬। ৩:৩৭:২১ এএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা আব্দুল জব্বার পলিটেকনিক ইনস্টিটিউটে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় গত শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারের অধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি স্থানীয়রা। এই ধরণের আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য আহবান জানান তারা।
এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। এছাড়াও ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়। পুরো কার্যক্রমে প্রায় ১০০ জনের বেশি বিভিন্ন স্তরের জনবল সরাসরি সম্পৃক্ত ছিলেন।
এ ব্যাপারে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, আমরা অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করছি। পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। এই ধরণের সেবা ভবিষ্যতেও চলতে থাকবে।
স্বাস্থ্য | ২৪ মে ২০২৬
মানিকগঞ্জে হাজারো মানুষকে ফ্রি চিকিৎসা দিল মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন

























