জনবল সংকটে থমকে আছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সেবা
- প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল ২০২৬। ৫:০৮:১৩ এএম
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হানের নির্দেশনার পরও মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও পর্যাপ্ত জনবল না থাকায় কবে নাগাদ এ সেবা চালু হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে এসে ডা. জাহিদ রায়হান পূর্বে উদ্বোধন হওয়া আইসিইউ সেবা দ্রুত চালুর নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুতসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ সেবা চালুর জন্য অপরিহার্য এনেস্থেসিয়া বিশেষজ্ঞ, প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ানের ঘাটতি রয়েছে। ৫০০ শয্যার এই হাসপাতালে এনেস্থেসিয়া চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে চারটি, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন। এই স্বল্পসংখ্যক চিকিৎসককে একদিকে অপারেশন থিয়েটারে (ওটি) দায়িত্ব পালন করতে হচ্ছে, অন্যদিকে আইসিইউ সেবা চালুর জন্য তাদের প্রয়োজন—যা বাস্তবায়নে তৈরি হচ্ছে জটিলতা।
অন্যদিকে, হাসপাতালে ১৮৫টি নার্সের পদ থাকলেও বর্তমানে ৩৭টি পদ শূন্য রয়েছে এবং আরও ৩৭ জন নার্স বিভিন্ন কারণে অনুপস্থিত। আইসিইউ ইউনিটের জন্য অতিরিক্ত দক্ষ ও প্রশিক্ষিত নার্স প্রয়োজন হলেও সে অনুযায়ী জনবল নেই। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ১০ শয্যার একটি আইসিইউ সচল রাখতে অন্তত ৩০ জন প্রশিক্ষিত নার্স প্রয়োজন।
হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত আইসিইউ ইউনিটে কথা হয় টেকনিশিয়ান আব্দুর রহিমের সঙ্গে। তিনি জানান, ২০২৩ সালে দেশের ২৩টি হাসপাতালের সঙ্গে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়। তবে প্রয়োজনীয় জনবলের অভাবে এতদিন এটি চালু করা সম্ভব হয়নি।
তিনি বলেন, “বর্তমানে আমরা মেশিনপত্র প্রস্তুত করছি। প্রয়োজনীয় লোকবল পাওয়া গেলে যেকোনো সময় আইসিইউ সেবা চালু করা সম্ভব।”
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, “আইসিইউ চালুর জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। তবে দক্ষ জনবল ছাড়া এই সেবা চালু করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত জনবল নিয়োগ হলে আইসিইউ চালু করা যাবে বলে আমরা আশা করছি।”
উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ ইআরপিপি প্রকল্পের আওতায় ২০২৩ সালের ১৪ নভেম্বর এই ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটটি স্থাপন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এটি বাস্তবায়িত হয়।
স্বাস্থ্য | ১১ এপ্রিল ২০২৬
জনবল সংকটে থমকে আছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সেবা























