যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে শেষ আটে বেলজিয়াম
- প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬। ৩:৫৯:৫৩ এএম
প্রথমার্ধে দুই গোল করা বেলজিয়াম দ্বিতীয়ার্ধে জালের দেখা পেল আরও দুবার। বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠে গেল রুডি গার্সিয়ার দল। সিয়াটলে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে আসরের শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ দিনের আগের ম্যাচে পর্তুগালকে বিদায় করা স্পেন।
৫৭ শতাংশ সময় বলের দখল রাখলেও আক্রমণে সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। সঙ্গে রক্ষণ আলগা হয়েছে বার বার। সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে বেলজিয়াম। এমনকি এদিন দলটির শুরুর একাদশে ছিলেন না তারকা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা, জেরেমি দোকু এবং রোমেলু লুকাকু। কোচের এই সিদ্ধান্তও দারুণ কাজে দেয়। ম্যাচের অষ্টম মিনিট বেলজিয়ামকে এগিয়ে নেন চার্লস ডি কেটেলার। ৩০তম মিনিট মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি-কিক যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরায়। তবে সমতায় ফেরার স্বস্তি তাদের উবে যায় দুই মিনিটের মধ্যে।
আবারও ডি কেটেলার হেডে গোল করে বেলজিয়ামকে এগিয়ে নেন। ম্যাচের ৫৬তম মিনিট হ্যান্স ভানাকেন দূরপাল্লার শটে গোল করে ব্যবধান আরও বাড়ান। যুক্তরাষ্ট্রের আশার সমাধীও যেন হয়ে যায় তখনই। আর ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকুর গোল বিশ্বকাপ স্বাগতিকদের আরও হতাশ করে।
ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন ফোলারিন বালোগান। আগের রাউন্ডে লাল কার্ড দেখেও প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের হস্তক্ষেপে এই ম্যাচে খেলেছেন যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার, ফিফার যে সিদ্ধান্ত নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। দিনের আগের ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারায় স্পেন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেন ও বেলজিয়াম মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলসে, আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায়।
খেলা | ৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে শেষ আটে বেলজিয়াম

























