মানিকগঞ্জে বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত
- প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬। ৭:৫৯:২২ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা অংশ নেন।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ বাছাই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
বিকেএসপি মানিকগঞ্জ জেলা কোচ মাসুদ রানা (আজম) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, ঢাকা ডিভিশন নর্থের কোচ মো. আরাফাত রহমান, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল জলিলসহ অন্যান্য অতিথিরা।
বয়সভিত্তিক এ বাছাই কার্যক্রমের মাধ্যমে জেলার সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রতিভা যাচাই এবং তাদের মধ্য থেকে যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হবে। এ ধরনের উদ্যোগ তরুণ ক্রিকেটারদের দক্ষতা বিকাশ এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
খেলা | ২৬ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত






















