বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি
- প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬। ৪:০৭:২৭ এএম
দেশের ১৩০টি ইউনিফর্মিটি দোকানের পাশাপাশি বনানীর ডোর শোরুম ও ইউরোপের বাজারেও মিলবে জাতীয় দলের নতুন জার্সি।
আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায়ে পা রাখল বাংলাদেশ ফুটবল। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি। দেশের বাজারের পাশাপাশি এবার আন্তর্জাতিক বাজারেও পাওয়া যাবে লাল-সবুজের এই জার্সি।
নতুন জার্সি দেশের ১৩০টি ইউনিফর্মিটি দোকানে পাওয়া যাবে। এ ছাড়া ঢাকার বনানীতে ডোরের নির্ধারিত শোরুমেও বিক্রি হবে এটি। ইউরোপের বাজারেও জার্সিটি পাওয়া যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে জাতীয় দলের জার্সিকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলতে উদ্যোগ নিয়েছে ডোর।
ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জার্সির উপস্থিতি তৈরি হয়েছে। জার্সিটি প্রদর্শিত হয়েছে ফিফা জাদুঘরে। সিঙ্গাপুরের খুচরা বাজারেও এটি বিক্রি হচ্ছে। ইউরোপের বাজারে ঐতিহাসিক ফুটবল জার্সির জন্য পরিচিত ক্লাসিক ফুটবল শার্টসের মাধ্যমেও পাওয়া যাচ্ছে বাংলাদেশের জার্সি।
চুক্তি অনুযায়ী, প্রতি বছর প্রতিটি দলের জন্য ৪০০ সেট করে মোট ছয়টি দলের জন্য ২ হাজার ৪০০ সেট জার্সি সরবরাহ করার কথা ছিল ডোরের। তবে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ১৬ হাজার ৩৫০টির বেশি জার্সি, ট্র্যাকস্যুট, পোলো শার্ট ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করেছে।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশের জাতীয় দলের জার্সি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় এটি দেশের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তিনি বলেন, তাঁদের সময়ে জার্সি উন্মোচন বা ব্র্যান্ডিং নিয়ে তেমন ভাবনা ছিল না; কর্মকর্তারা স্থানীয়ভাবে জার্সি তৈরি করতেন এবং খেলোয়াড়েরা সেটি পরে মাঠে নামতেন। এখন সেই বাংলাদেশের জার্সিই বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছে।
জাতীয় দলের জার্সি আন্তর্জাতিক বাজারে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে আমিনুল হক বলেন, ক্রীড়াকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও নতুন জার্সিকে দেশের ফুটবলের আরেকটি অর্জন হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের বিশাল জনসংখ্যা ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতি বাড়তে থাকা আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এখন আরও বেশি দেশ বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী হচ্ছে; পাশাপাশি টিকিট বিক্রি ও আতিথেয়তা নিয়েও আগ্রহ বাড়ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম চৌধুরী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও নির্বাহী কমিটির সদস্যরা এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা।
খেলা | ৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি


























