ফিফা সভাপতির পদত্যাগ চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্নহ্যাম
- প্রকাশিত : শনিবার, ১ আগস্ট ২০২৬। ৪:২৩:১০ এএম
বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনার কারণে তীব্র বিতর্কের মুখে পড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।
ইনফান্তিনোর প্রস্তাবের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা), কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তীব্র প্রতিক্রিয়া দেখায়। শেষ পর্যন্ত শুক্রবার বিবৃতি দিয়ে পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেয় ফিফা।
দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী হওয়া লেবার পার্টির নেতা বার্নহ্যাম এই প্রস্তাবকে “অসঙ্গত ও অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “আমার দৃষ্টিভঙ্গি আরও দৃঢ় হচ্ছে—এটি ছিল একেবারেই অগ্রহণযোগ্য প্রস্তাব। এমন ধারণা সামনে আনা হয়েছে মানেই প্রমাণ হয়, ফিফার বর্তমান সভাপতি এই সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন।”
বিরোধিতা আরও তীব্র হয় যখন ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক মার্কিন ফুটবল সভাপতি কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। তিনি বলেন, “আমি দাঁড়িয়ে থাকতে পারি না যখন ফিফা বিশ্বকাপের অংশ বিক্রির কথা ভাবছে। আমি এই প্রস্তাবে কোনোভাবেই যুক্ত নই এবং আমি এর বিরোধিতা করছি।”
খেলা | ১ আগস্ট ২০২৬
ফিফা সভাপতির পদত্যাগ চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্নহ্যাম














