কাল এসএসসি-সমমানের ফল, সকাল ১০টায় প্রকাশ
- প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট ২০২৬। ৮:১৮:৩৬ এএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল উদ্বোধন করবেন। একই সময়ে দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের ৯ আগস্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও ১০ আগস্ট ফল প্রকাশের বিষয়টি জানিয়েছিল।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান ৮ আগস্ট জানান, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ৮ আগস্ট ফল প্রকাশ-সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন শিক্ষা বোর্ডের অভিন্ন ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ। সেখানে বোর্ডের নাম, পরীক্ষার নাম, পরীক্ষার বছর, ফলাফলের ধরন, রোল ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবভিত্তিক ফল প্রকাশ ব্যবস্থায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল দেখার সুবিধা রয়েছে।
মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য বার্তার অপশনে গিয়ে প্রথমে SSC লিখে একটি ফাঁকা জায়গা দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর ফাঁকা জায়গা দিয়ে রোল নম্বর এবং সবশেষে ফাঁকা জায়গা দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে নমুনা হবে—SSC DHA ROLL YEAR। দাখিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে SSC MAD ROLL YEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC ROLL YEAR লিখে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।
খুদে বার্তার মাধ্যমে ফল জানতে প্রতিটি বার্তার জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এর মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ১৬২২২ নম্বরেও খুদে বার্তার মাধ্যমে ফল জানার সুবিধা থাকবে বলে শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী জানা গেছে।
ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রাপ্ত ফলে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত নিয়ম ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ডের ওয়েবভিত্তিক ফল প্রকাশ ব্যবস্থায় পরীক্ষার্থীর রোল ও নিবন্ধন নম্বরের পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখতে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহারের সুযোগ রয়েছে। ফলে পরীক্ষার্থীর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নির্ধারিত প্রক্রিয়ায় ফল সংগ্রহ করতে পারবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শিক্ষার্থীরাও অংশ নেয়। দীর্ঘ অপেক্ষার পর ফল প্রকাশের তারিখ নির্ধারিত হওয়ায় এখন ফলের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবক। এর আগে ২৭ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ১০ আগস্ট ফল প্রকাশের সিদ্ধান্ত জানায়।
শিক্ষা | ৯ আগস্ট ২০২৬
কাল এসএসসি-সমমানের ফল, সকাল ১০টায় প্রকাশ


























