তদন্তের আশ্বাস পুলিশের
বিএনপি নেতা পরিচয় দিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইরে হত্যাচেষ্টা
- প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬। ২:৪৪:৪২ পিএম
বিএনপি নেতা পরিচয় দিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা মধ্যপাড়া গ্রামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। এসময় এক নারীকে শ্লীলতাহানি ও মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে চারজনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সিঙ্গাইর থানায় দায়ের করা অভিযোগে উপজেলার ধল্লা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. ইউনুস মিয়া (৪৫) জানান, আজ ২১ জুলাই মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি নিজ বাড়ির সামনে একটি ক্লাবঘরে একটি শালিস বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে সলিম মিয়া, ইকবাল হোসেন, কামাল হোসেন ওরফে কদর, নুরুল ইসলামসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার হাতুড়ি, লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে ইউনুস মিয়াকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলার একপর্যায়ে তার একটি দাঁত ভেঙে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
ভুক্তভোগীর অভিযোগ, তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাতিজি তাহলিমাকেও মারধর করা হয়। এ সময় তার চুল ধরে টানাহেঁচড়া করা হয় এবং শ্লীলতাহানি করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, তাছলিমার গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং কানে থাকা প্রায় ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ইউনুস মিয়ার শার্টের পকেটে থাকা ১২ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত ইউনুস মিয়াকে প্রথমে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে চিকিৎসা নেন। চিকিৎসাধীন থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ভুক্তভোগীরা সিঙ্গাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সলিম মিয়া, ইকবাল হোসেন, কামাল হোসেন ওরফে কদর ও নুরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অপরাধ | ২১ জুলাই ২০২৬
বিএনপি নেতা পরিচয় দিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইরে হত্যাচেষ্টা

























