আমার নিউজ পত্রিকা অফিসে হামলা, চাঁদাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে আদালতে মামলা
- প্রকাশিত : সোমবার, ২৫ মে ২০২৬। ৩:৪৯:০৩ এএম
মানিকগঞ্জের স্থানীয় দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ে হামলা, চাঁদাবাজি, লুটপাট ও তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আসামিকে অভিযুক্ত করা হয়েছে।
গত রবিবার (২৪ মে) দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন।
মামলার সুত্রে জানা যায় , গত ৭ মে রাত সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ শহরে তার বর্তমান ঠিকানার দ্বিতীয় তলায় অবস্থিত আমার নিউজ পত্রিকার অফিস কক্ষে তার স্ত্রী অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন অবস্থান করছিলেন। এসময় অভিযুক্তরা জোরপূর্বক কক্ষে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগে বলা হয়, দাবিকৃত টাকা না পেয়ে আসামিরা অফিসে ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে বাদীর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে তার পরনের কাপড় টেনে শ্লীলতাহানি করা হয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে আরও বলা হয়, হামলার সময় বাদীর স্ত্রীর গলায় থাকা প্রায় ৮ আনি ওজনের একটি স্বর্ণের চেইন, ভ্যানিটি ব্যাগে থাকা ১৮ হাজার টাকা এবং অফিসের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় অভিযুক্তরা।
এছাড়া, এক আসামি পরে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক পেজে মিথ্যা তথ্য প্রচারের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বাদীর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদী দাবি করেন, ঘটনার বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। পরে তিনি আদালতে এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাদীপক্ষ জানিয়েছে, ঘটনার স্বপক্ষে তাদের কাছে সাক্ষ্য-প্রমাণ রয়েছে এবং তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
অপরাধ | ২৫ মে ২০২৬
আমার নিউজ পত্রিকা অফিসে হামলা, চাঁদাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে আদালতে মামলা





















