মানিকগঞ্জে সাবিস কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
- প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬। ৩:৪৭:৪৩ পিএম
‘শেকড় থাকুক সংস্কৃতিতে, ডানা মেলুক শিক্ষায়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। একইসাথে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিনজনকে সম্মাননা পুরষ্কার দেওয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাবিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট, বই এবং নগদ টাকা তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবিসের সভাপতি মাহবুব জামাল চঞ্চল, সাধারণ সম্পাদক শাহ আব্দুর রাজ্জাক টিপু।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক চর্চায় উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নান্দনিকবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয় বলেও তাঁরা উল্লেখ করেন।
বক্তারা বলেন, একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে শিশু- কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের অনুষ্ঠান মানিকগঞ্জে সাংস্কৃতিক চর্চার পরিসর আরও বিস্তৃত করবে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।
এরপর গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুইরিয়া ইসলাম নুপুরের উপস্থাপনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, শিল্পীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।
সারাদেশ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে সাবিস কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ























