মানিকগঞ্জের কেন্দ্রীয় মার্কাজ মসজিদের রাস্তার বেহাল দশা , দীর্ঘস্থায়ী জলবদ্ধতায় বিপাকে মুসল্লিরা
- প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬। ৭:৫১:৪৩ এএম
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও ওয়্যারলেস গেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় জেলা পরিষদের একেবারে সন্নিকটে কেন্দ্রীয় মার্কাজ মসজিদে যাতায়াতের জন্য রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মসজিদের মুসল্লি ও তাবলিগে আসা মুসল্লিদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের পাশেই অবস্থিত জামিয়া আরাবিয়া মাদরাসায় শত শত কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন লেখাপড়া করে। কিন্তু ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতার কারণে তাদেরকে নিয়মিত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। মার্কাজের পেছনের উত্তর সেওতা অংশে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে আছে দীর্ঘদিন ধরে । তজু সড়ক থেকে জেলা জনস্বাস্থ্য অফিসের পাশের রাস্তা বছরের প্রায় পুরোটা সময় পানির নিচেই থাকে। এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, “সামান্য বৃষ্টিতে মার্কাজ মসজিদ এলাকার রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। প্রতিদিন পানি ভেংগে অফিসে যেতে হয়। যার ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, চর্মরোগ—সবই বাড়ছে।”
প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক জোর অনুষ্ঠিত হয়, যেখানে দেশের দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকেও জামাত আসে।
মার্কাজের ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ সোহাইবুল ইসলাম বলেন, “এই রাস্তা আর জলাবদ্ধতার কারণে বিদেশি মুসল্লিরা কষ্ট পাচ্ছেন , তাদের ইবাদতে বিঘ্ন ঘটছে আর আমাদের মানিকগঞ্জবাসীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি অতিদ্রুত এই রাস্তা মেরামত করা হোক এবং জলাবদ্ধতা দুরীকরণে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেয়া হোক।”
সারাদেশ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জের কেন্দ্রীয় মার্কাজ মসজিদের রাস্তার বেহাল দশা , দীর্ঘস্থায়ী জলবদ্ধতায় বিপাকে মুসল্লিরা























