মানিকগঞ্জে অসহায় ও অসুস্থ কয়েকজন আর্থিক সহায়তা করে ট্রাক শ্রমিকদের পাশে জেলা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ
- প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর ২০২৬। ৪:২৪:০৩ এএম
মানিকগঞ্জে অসহায় ও অসুস্থ ট্রাকচালক ও তাঁদের সহকারীদের পাশে দাঁড়িয়েছেন জেলা ট্রাক ড্রাইভার ও সহকারী ইউনিয়নের নেতৃবৃন্দ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসুস্থ ও আর্থিক সংকটে থাকা শ্রমিকদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শ্রমিকদের বিপদেআপদে পাশে থাকা এবং তাঁদের পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ। তাঁদের এ উদ্যোগে উপকৃত শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আর্থিক সহায়তা প্রদানকালে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, ট্রাকচালক ও তাঁদের সহকারীরা দেশের পণ্য পরিবহনব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দিন-রাত পরিশ্রম করে তাঁরা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। কিন্তু অসুস্থতা কিংবা নানা প্রতিকূলতার কারণে অনেক সময় তাঁরা আর্থিক সংকটে পড়েন। এমন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানো শ্রমিক ইউনিয়নের নৈতিক দায়িত্ব।
সহায়তা পাওয়া জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক গোপাল সরকার বলেন, “অসুস্থতার কারণে কাজ করতে না পারায় পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। এই সময়ে ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন। তাঁদের এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।”
আরেকজন সহায়তা পাওয়া ফারুক নামের এক ড্রাইভার শ্রমিক বলেন, “শ্রমিকদের বিপদের সময় পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া কঠিন। ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের এই মানবিক উদ্যোগে আমরা সাহস ও ভরসা পেয়েছি।”
স্থানীয় শ্রমিকদের মতে, এ ধরনের উদ্যোগ অসহায় ও অসুস্থ শ্রমিকদের দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। পাশাপাশি শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করে।
জেলা ট্রাক ট্যাংকলরী, কভার্ড ভ্যান চালক ও সহকারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান বলেন, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় শ্রমিকদের কল্যানে কাজ করে যাচ্ছি। আমাদের এক সহকর্মী ১৯৮১ সালের জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোপাল সরকার খুবই অসুস্থ । বর্তমানে কোন কাজ করতে পারে না। তাই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে সহ কয়েকজনকে কিছু সহায়তা করা হয়েছে।
জেলা ট্রাক ট্যাংকলরী, কভার্ড ভ্যান চালক ও সহকারী ইউনিয়নের সভাপতি এ,কে এন মিজানুর রহমান চৌধুরী বলেন, শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকার জন্য মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় শ্রমিক ইউনিয়ন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও অসুস্থ কয়েকজন শ্রমিকদের মাঝে সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত শ্রমিকদের সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। শ্রমিকদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সারাদেশ | ২১ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে অসহায় ও অসুস্থ কয়েকজন আর্থিক সহায়তা করে ট্রাক শ্রমিকদের পাশে জেলা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ






















