স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনিয়ম বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী
- প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট ২০২৬। ৯:২৬:২৭ এএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাউকে অনিয়ম করার সুযোগও দেওয়া হবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের সেবাই তার প্রধান লক্ষ্য।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার কথা দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। গত জুনে জাতীয় সংসদে তিনি বলেন, সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে নিজের ছাত্রজীবন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ১৯৬৯-৭০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়েছিল। যুদ্ধ শেষে তারা তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সঙ্গে দেখা করে বিশেষ মূল্যায়নের অনুরোধ করেন। পরে শিক্ষকদের সহযোগিতায় তাদের শিক্ষাজীবন নিয়মিত করার ব্যবস্থা হয়।
শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহেই তারা আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন। এ সময় বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেছেন মন্ত্রী। সম্প্রতি তিনি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক নয়তলা স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনার কথা জানান। স্বাস্থ্য খাতে শিগগির এক লাখ কর্মী নিয়োগের কথাও তিনি জানিয়েছেন।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য | ২৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনিয়ম বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী


























