দীর্ঘদিনের সমস্যা দুই তিন মাসের মধ্যে সমাধান করা সম্ভব না-মানিকগঞ্জে বিমানমন্ত্রী
- প্রকাশিত : শনিবার, ১৩ জুন ২০২৬। ৯:৩৬:৩৫ এএম
মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দীর্ঘদিনের সমস্যা দুই তিন মাসের মধ্যে সমাধান করা সম্ভব না। আমরা চেষ্টা করছি অতি দ্রুত বিমানের যে সব জটিলতা আছে; সেগুলো থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি এবং বিমানকে যেন আমরা একটা সুনামেরর জায়গায় নিয়ে যেতে পারে এটাই আমাদের মূল লক্ষ।
আজ শনিবার সকালে শহরের হরিজন পল্লী পুরাতন লঞ্চঘাট এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা প্রবাসী আছে তারা যেন আরো সুযোগ সুবিধা পায় সেটা আমার মূল কাজ। সেই কাজটাই করার চেষ্টা করছি। বিগত সময়ে বিমানবন্দরে যে অবস্থা ছিল তার চাইতে এখন অনেকটাই ভালো আছি। আমাদের মন্ত্রণালয়ের সুনামকে নষ্ট করার জন্য কিছু অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের এই প্রতিষ্ঠানের মূল কাজটাই হচ্ছে প্রবাসী ভাই বোনদের নিয়ে। আমার প্রবাসী ভাইবোনরা যেন ভালো থাকে এবং তারা দেশের মাটিতে পাড়া দিয়ে যেন বুঝতে পারে যে; আমি আমার নিজের দেশে এসেছি।
বিমান মন্ত্রী রিতা এ সময় স্থানীয় হিন্দুদের হরিজন ও রবিদাস সম্প্রদায়ের লোকদের নানা সমস্যার সমাধানে আশ্বাস দেন এবং তাদের সন্তানরা যেন ভালো চাকরি পায় সে ব্যাপারেও তিনি আশ্বস্ত করেন।
ড্যাবের জেলা সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
জেলা জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগারের সার্বিক সহযোগিতায় ঔষধ বিতরন, ডায়াবেটিস, ব্লাড গ্রুপ পরিক্ষা, শিশুদের চিকিৎসা, চর্ম রোগ, সার্জারী, অর্থোপেডিক্স, গাইনী, নাক কান গলা, কিডনী, ব্লাড প্রেসার, হৃদরোগ, ক্যান্সার, ডেন্টাল সহ আরো বেশ কিছু রোগের চিকিৎসা সেবা দেয়া হয় এবং এসময় অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রবিদাস ও হরিজন সম্প্রদায়সহ স্থানীয় হাজারো মানুষ এই ফ্রি সেবা গ্রহণ করেন।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ ত ম জহির আলম লদি, আ ফ ম নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্বাস্থ্য | ১৩ জুন ২০২৬
দীর্ঘদিনের সমস্যা দুই তিন মাসের মধ্যে সমাধান করা সম্ভব না-মানিকগঞ্জে বিমানমন্ত্রী


























