হরগজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মেহেদী হাসান বাদল
- প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬। ৩:৩৭:৪০ এএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ০৬ নং হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও যুবদল নেতা মেহেদী হাসান বাদল। এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে ইতোমধ্যেই তিনি স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান বাদল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ঢাকা জজ কোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য ছিলেন। তুলনামূলক কম বয়সে সর্বোচ্চ ভোট পেয়ে ঢাকা বারের সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি তার রাজনৈতিক ও পেশাগত পরিচিতিকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন অনেকে।
রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয়। বর্তমানে তিনি সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবেও পরিচিত তিনি।
সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও রয়েছে তার সম্পৃক্ততা। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ASF-এর মানিকগঞ্জ জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। একই সঙ্গে সাটুরিয়া সৈয়দ কালু শাহ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য হিসেবেও কাজ করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মেহেদী হাসান বাদল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় তিনি ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন।
এ বিষয়ে মেহেদী হাসান বাদল বলেন, “আমি সবসময় হরগজ ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
রাজনীতি | ২০ মে ২০২৬
হরগজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মেহেদী হাসান বাদল





















