ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ
- প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬। ৪:০৬:০৬ এএম
২৪-এর জুলাই গণঅভ্যুত্থান দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ রায় দেবেন।
মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামিই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে বিচার হয়েছে।
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত, নির্দেশনা, উসকানি, অর্থের জোগান ও ষড়যন্ত্রের মাধ্যমে আসামিরা ভূমিকা রাখেন। দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্দোলনকারীদের বিরুদ্ধে মাঠে নামানো এবং সহিংসতায় সম্পৃক্ত করার অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে।
যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ ওবায়দুল কাদেরের বিভিন্ন বক্তব্য এবং তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে তার কথোপকথনের অডিওকে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করে। প্রসিকিউশনের দাবি, ‘ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলো’সহ বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আন্দোলন দমনে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে তাদের খালাস দাবি করেছে। আইনজীবীদের দাবি, আসামিরা কাউকে হত্যার নির্দেশ দেননি এবং তাদের বিরুদ্ধে অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ নেই।
এর আগে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর সাত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। গ্রেফতার করা সম্ভব না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
চলতি বছরের ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষ্য দেন। ২ আগস্ট সাক্ষ্যগ্রহণ এবং ১৭ আগস্ট যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
রাজনীতি | ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ
























