কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
- প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬। ৪:২৩:২৮ এএম
কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে মঙ্গলবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে ভারতীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন ভবনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইঞ্জিন ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বাংলাদেশি নাগরিকেরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে দমকলকর্মীদের সমস্যায় পড়তে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটিতে শীতলীকরণ কার্যক্রম চালানো হয় এবং কেউ ভেতরে আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হয়।
এদিকে ফ্রি স্কুল স্ট্রিট ও নিউ মার্কেট এলাকা কলকাতায় চিকিৎসা ও পর্যটনের জন্য আসা বাংলাদেশিদের কাছে পরিচিত। ফলে এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্ব | ১৯ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

























