বিশিষ্ট পল্লীগীতি শিল্পী আব্দুল আলীমের জন্মদিনে মানিকগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান
- প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬। ১০:৪৬:২৩ এএম
বিশিষ্ট পল্লীগীতি শিল্পী প্রয়াত আব্দুল আলীমের জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কালীবাড়িস্থ স্বরলিপি সংগীত নিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত শিল্পী আব্দুল আলীমের জনপ্রিয় পল্লীগীতি ও লোকসংগীত পরিবেশন করেন বসির উদ্দীন মাস্টার, কাউসার আহমেদ, আবু হাসান ও মোশারফ হোসেনসহ স্থানীয় আরও বেশ কয়েকজন শিল্পী।
সংগীত পরিবেশনায় তবলায় সঙ্গত করেন বাবু প্রতুল রায় ও শ্যামল কর্মকার। পুরো অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন কামাল আহমেদ কমল।
আয়োজকরা জানান, বাংলা লোকসংগীতের অন্যতম কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের সংগীত ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছরের মতো এবারও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংগীতপ্রেমী ও সংস্কৃতিমনা দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্বরলিপি সংগীত নিকেতন প্রাঙ্গণ।
বিনোদন | ২৮ জুলাই ২০২৬
বিশিষ্ট পল্লীগীতি শিল্পী আব্দুল আলীমের জন্মদিনে মানিকগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান
























