যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ও কারাদণ্ড
- প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬। ৩:৩৯:৫৪ এএম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও প্রাপ্ত ভিডিও ফুটেজের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে পৌঁছালে মোবাইল কোর্টের নৌকা দেখে দুটি ড্রেজার ও কয়েকটি ভলগেট অতি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে একটি ভলগেট বালুসহ আটক করা হয়। এসময় ভলগেটটির ম্যানেজার মো. শরীফ ইসলাম (২৩) কে জিজ্ঞাসাবাদ করলে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ (ছ) ও ১৫ (১) ধারায় দুই লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আহসানুল আলম। তিনি জানান,নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হয়ে প্রশাসনকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
অপরাধ | ২০ ফেব্রুয়ারি ২০২৬
যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ও কারাদণ্ড





















