মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ
- প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬। ১০:৫২:২০ এএম
প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, এবারের নির্বাচনে শুধুমাত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি পূর্ণাঙ্গ প্যানেল অংশগ্রহণ করছে। সমিতির মোট ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আজাদ হোসেন খান। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান। তার দাবি, দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তাদের আপিল করার সুযোগ দেওয়া হয়নি। এতে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তিনি মনে করেন।
এছাড়াও বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান খানের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন তিনি। বিশেষ করে আইনজীবীদের চেম্বার নির্মাণ ও সংস্কার কাজে অনিয়মের চিত্র তুলে ধরেন আজাদ হোসেন খান। এসব বিষয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি।
এসব অভিযোগ পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেজবাউল হক বলেন, প্রার্থীদের মনোনয়নপত্রে যথাযথভাবে স্বাক্ষর না থাকায় তাদের প্রার্থী তা বাতিল হয়েছে এবং সংবিধানে আপিলের কোন সুযোগ না থাকায় তারা আপিল করতে পারেননি এবং বিগত দিনগুলোতে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবারও সেভাবেই নিয়মমত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অপরাধ | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ





















