মানিকগঞ্জে নৃশংস হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
- প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ ২০২৬। ৩:৩৫:২২ এএম
মানিকগঞ্জে আলোচিত মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনার রহস্য অবশেষে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অটোচালক মো. রফিক মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটো গাড়ি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা পিবিআই কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে পুলিশ সুপার জয়িতা শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া, আরমান হোসেন ও সজীবকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পিবিআই জানায়, ঘটনার দিন (২৪ মার্চ) রফিক মিয়াকে কৌশলে নবগ্রাম ইউনিয়নের পাঁচ বারইল এলাকার কালিগঙ্গা নদীর তীরে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে মাদক সেবনের কথা বলে তাকে ফাঁদে ফেলা হয়। পথিমধ্যে পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে অচেতন করা হয়। এরপর ধারালো দা দিয়ে জবাই করে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়।
হত্যার পর অভিযুক্তরা লাশ এবং মাথা আলাদাভাবে কালিগঙ্গা নদীতে ফেলে দেয়। তাদের লক্ষ্য ছিল রফিকের অটো গাড়ি দখল করা, যা পরে উদ্ধার করেছে পিবিআই।
এর আগে, গত মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কালিগঙ্গা নদীর তীরে একটি মাথাবিহীন লাশ ভেসে উঠলে মাছ ধরতে আসা এক ব্যক্তি সেটি দেখতে পান। পরে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই লাশ উদ্ধার করে এবং প্রাথমিকভাবে নিহতের ভাই আরিফ মিয়া ও স্ত্রী জেসমিন আক্তার লাশটি রফিক মিয়ার বলে শনাক্ত করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তার পূর্ণ পরিচয় নিশ্চিত করা হয়।
পিবিআই জানিয়েছে, রফিকের দেহ উদ্ধার করা গেলেও তার মাথা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এজন্য কালিগঙ্গা নদীতে ডুবুরি দলের মাধ্যমে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এই ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তারা।
উল্লেখ্য, নিহত রফিক মিয়ার বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে। তিনি গত ২৪ মার্চ সকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হন এবং পরদিন তার মাথাবিহীন লাশ উদ্ধার হয়।
অপরাধ | ২৯ মার্চ ২০২৬
মানিকগঞ্জে নৃশংস হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৩





















