মানিকগঞ্জে চাঁদা দাবির অভিযোগে মাছ ব্যবসায়ী ও তার ছেলেকে মারধরের অভিযোগ
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬। ১:০৭:০৫ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ী ও তার ছেলেকে মারধরের ঘটনা ঘটেছে। এতে ছেলের পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে সাটুরিয়া উপজেলার রাইল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, ফুকুরহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি তমিজ উদ্দিন তজু মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তজু তার সহযোগীদের নিয়ে রাইল্লা বাজারের পাশে শুকুরের দোকান থেকে মোহাম্মদ আলীকে টেনে-হিঁচড়ে বের করে মারধর করেন।
এসময় মোহাম্মদ আলীর ছেলে ওয়াসিম এগিয়ে এলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার পা ভেঙে যায় বলে অভিযোগ করেন পরিবারটি।
ভুক্তভোগীদের অভিযোগ, তজুর নেতৃত্বে স্থানীয় জামায়াত নেতা জসিম উদ্দিন, কুন্টু, ফুলচান ও কালামসহ কয়েকজন হামলায় অংশ নেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা আতঙ্কে দিন পার করছেন বলে জানান স্বজনরা।
ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, “তজু বিভিন্ন সময় দল পরিবর্তন করে এলাকায় আধিপত্য বিস্তার করতে চায়। আগে সে কৃষকলীগের সঙ্গে ছিল, এখন বিএনপিতে যোগ দিয়েছে। সে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সালিশের নামে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। আমরা এই ঘটনার বিচার চাই।”
তার ছেলে ওয়াসিম বলেন, “আমার বাবা একজন সাধারণ মাছ ব্যবসায়ী। আমাদের কাছে চাঁদা দাবি করা হয়। আমরা গরিব মানুষ, এত টাকা দেওয়া সম্ভব না। এর জেরেই আমাদের ওপর হামলা করা হয়েছে।”
এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে অভিযুক্ত তমিজ উদ্দিন তজু মারধরের ঘটনা স্বীকার করলেও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এর আগে তারা আমাকে মারধর করেছিল। সেই ঘটনার জেরে সামান্য ধস্তাধস্তি হয়েছে। তাদের কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অপরাধ | ৩০ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে চাঁদা দাবির অভিযোগে মাছ ব্যবসায়ী ও তার ছেলেকে মারধরের অভিযোগ














