মানিকগঞ্জে ওভারলোড ট্রাক ফেরানোকে কেন্দ্র করে স্কেল লোড কন্ট্রোল পোস্ট ভাঙচুর
- প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬। ১২:১২:২০ পিএম
মানিকগঞ্জে সরকারি ইজারাকৃত স্কেল লোড কন্ট্রোল স্টেশনের একটি সাব টোল পোস্ট ভাঙচুরের অভিযোগ উঠেছে শ্রমিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে পৌরসভার নয়াকান্দি এলাকায় দোয়াত আলী দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
ঢাকার ধামরাই উপজেলার বাথুলী স্কেল লোড কন্ট্রোল স্টেশনের ম্যানেজার মো. মিজানুর রহমানের অভিযোগ, মানিকগঞ্জ থেকে ঢাকাগামী একটি ওভারলোড ট্রাক ওই সাব টোল পোস্ট অতিক্রমের চেষ্টা করলে কর্মচারীরা সেটিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাকচালকদের সঙ্গে কর্মচারীদের তর্ক-বিতর্ক হয়। পরে ট্রাকচালকেরা ঘটনাস্থল থেকে চলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর দলবল নিয়ে ফিরে আসেন এবং অস্থায়ী টোল পোস্টটি ভাঙচুর করেন।
মিজানুর রহমান বলেন, ওই পোস্টে ওভারলোড যানবাহন নিয়ন্ত্রণের কাজ করা হয়। কোনো গাড়ির কাছ থেকে টাকা নেওয়া বা জরিমানা করার সুযোগ নেই। ওভারলোড যানবাহন এলে সেটিকে ফিরিয়ে দেওয়া হয়, যাতে অতিরিক্ত ওজন নিয়ে ওই সড়কে চলাচল করতে না পারে। ভাঙচুরের কারণ হিসেবে তিনি ধারণা করেন, ওভারলোড নিয়ে চলাচল করতে না পেরে ক্ষুব্ধ হয়ে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
অস্থায়ী পোস্টের দায়িত্বে থাকা নাসির হোসেন বলেন, ঘটনার আগে তাদের সঙ্গে সংশ্লিষ্টদের কোনো বিরোধ ছিল না। তাঁর ভাষ্য অনুযায়ী, হেমায়েতপুর যাওয়ার জন্য একটি ওভারলোড ট্রাক এলে চালকের কাছে চালান দেখতে চাওয়া হয়। এ নিয়ে চালকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে ওই চালক স্থানীয় ও পরিবহনসংশ্লিষ্ট কয়েকজনকে ডেকে এনে তাদের মারধর এবং পোস্টটি ভাঙচুর করেন বলে অভিযোগ করেন তিনি।
তবে ঘটনার সঙ্গে জড়িত রাশেদ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ওই চেক পোস্টে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হয়। যারা চাঁদা দিতে চান না, তাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয় বলেও দাবি করেন তিনি। এর প্রতিবাদেই ক্ষুব্ধ চালক ও এলাকাবাসী পোস্টটি ভেঙে দিয়েছেন বলে তাঁর দাবি।
অভিযোগের বিষয়ে ম্যানেজার মিজানুর রহমান বলেন, তাঁদের পোস্টে কোনো ধরনের আর্থিক লেনদেন হয় না। সরকারি ইজারার আওতায় ওভারলোড যানবাহন নিয়ন্ত্রণ করাই তাঁদের দায়িত্ব। ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন বলেন, ট্রাক শ্রমিক ও চেক পোস্টে দায়িত্বরত ব্যাক্তিদের সাথে মূলত ঘটনাটি ঘটেছে। যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দু:খজনক। এটা মোটেও করা ঠিক হয়নি। অতি উৎসাহী কিছু ব্যক্তি এই ঘটনাটি ঘটিয়েছে। আজ সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য আমরা ট্রাক মালিকরা শ্রমিকদের সাথে বসে আলোচনা করে সামাধানের চেষ্টা করবো।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধ | ২৫ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে ওভারলোড ট্রাক ফেরানোকে কেন্দ্র করে স্কেল লোড কন্ট্রোল পোস্ট ভাঙচুর





















