২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে স্মৃতিচারণমূলক আলোচনা সভা
- প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ ২০২৬। ৮:২২:৫১ এএম
জাতির ইতিহাসে এক কালো অধ্যায় ২৫ মার্চ গণহত্যা দিবস। এ উপলক্ষে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে শোকাবহ পরিবেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান।
তিনি তার বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, “এই দিনটি আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়, যা কখনো ভোলার নয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।”
সরকারি দেবেন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
এসময় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণত সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ২৫ মার্চ উদযাপন কমিটি আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান ।
তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি।”
অনুষ্ঠানে কলেজের সকল বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, রোভার স্কাউটস, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি ইউনিটের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও দেবেন্দ্র কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সারাদেশ | ২৫ মার্চ ২০২৬
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে স্মৃতিচারণমূলক আলোচনা সভা

















