মহাসড়কে চলবে না তিন চাকার যান, কঠোর হচ্ছে মানিকগঞ্জ প্রশাসন
- প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬। ১:৫১:১১ পিএম
সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে মানিকগঞ্জে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল করতে না দেওয়া, লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানো বন্ধ এবং হেলপারদের দিয়ে গাড়ি চালানো ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সড়কের ত্রুটি চিহ্নিত করে তা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নিরাপদ সড়ক নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, সড়ক ও জনপথ বিভাগের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিন। এ ছাড়া পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ, রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণ এবং চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। চালকের আসনে হেলপারদের বসানো বন্ধ এবং সড়কের ঝুঁকিপূর্ণ স্থান ও ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। একই সঙ্গে সড়ক ব্যবহারকারী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোবাইকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোবাইকের চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে জেলা প্রশাসন সেলফি পরিবহনের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে।
সাম্প্রতিক এ দুর্ঘটনার পর নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের নেওয়া উদ্যোগ এবং পরিবহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত তদারকি, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোর ত্রুটি দূর করা গুরুত্বপূর্ণ।
সারাদেশ | ২৪ অক্টোবর ২০২৬
মহাসড়কে চলবে না তিন চাকার যান, কঠোর হচ্ছে মানিকগঞ্জ প্রশাসন
























