প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান গেছেন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতা দলের তারেক
- প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬। ৫:৪৫:০৮ এএম
চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশিষ্ট ব্যক্তি হিসেবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান জাপান গেছেন।
সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়েছেন তারেক রহমান।
অন্যদিকে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। একজন আলেম হিসেবে দেশের সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার অনুভূতি সত্যিই ভিন্ন ও অত্যন্ত আনন্দের। এই সফরে সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি জানান, রাষ্ট্রীয় এই সফরের সুযোগ কাজে লাগিয়ে ওলামায়ে কেরামের বিভিন্ন দাবিদাওয়া এবং ইসলামের সার্বিক কল্যাণে করণীয় নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। দ্বীন ও দেশের স্বার্থে ইতিবাচক কোনো প্রস্তাবনা তুলে ধরার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ওলামায়ে কেরামের পক্ষ থেকে যেন জাতীয় ও ধর্মীয় বিষয়গুলো যথাযথভাবে সরকারের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।
রাজনীতি | ২৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান গেছেন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতা দলের তারেক























