মানিকগঞ্জে প্রায় ৪ কোটি ৫৯ লাখ টাকার তিন সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা
- প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬। ১০:০৪:২৭ এএম
মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। শনিবার (২৪ অক্টোবর) তিনি এসব কাজের উদ্বোধন করেন। সড়ক তিনটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি ৫৯ লাখ টাকা।
উদ্বোধন করা সড়কগুলো হলো—তরা ব্রিজ থেকে গিলন্ড বাজার সড়ক, গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়ক এবং গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়ক।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় মাঠে-ময়দানে প্রচারণা চালানোর সময় এলাকাবাসীর অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই দাবি পূরণে আজ সড়কগুলোর উন্নয়নকাজ শুরু হয়েছে। এ জন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সড়কগুলোর উন্নয়নকাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে কি না, তা এলাকাবাসীকে তদারকি করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নয়, এখন দেশ গড়ার সময়, এলাকা গড়ার সময়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের দলাদলিতে জড়ানো যাবে না। এলাকাবাসীকে নিজেদের এলাকার উন্নয়নকাজের বিষয়ে সচেতন থাকতে হবে এবং কাজের মান বুঝে নিতে হবে।’
সড়কগুলোর উন্নয়নকাজের বিবরণে জানা গেছে, তরা ব্রিজ থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার দীর্ঘ ও ১২ ফুট প্রশস্ত সড়কটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার বেশি। আগামী ২০২৭ সালের ৩০ মে-এর মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়কের এক কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণে ব্যয় হবে ৮৬ লাখ ১৪ হাজার টাকার বেশি। আগামী ২ ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে।
এ ছাড়া গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়কের ১ হাজার ৪৮০ মিটার অংশের রক্ষণাবেক্ষণ করা হবে। ৩ দশমিক ০৫ মিটার প্রশস্ত সড়কটির সংস্কারে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার বেশি। আগামী ২০২৭ সালের ২৭ ফেব্রুয়ারির মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সারাদেশ | ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে প্রায় ৪ কোটি ৫৯ লাখ টাকার তিন সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা
























