যুবদল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ, মানববন্ধনকে কেন্দ্র করে উত্তপ্ত হরিরামপুর
- প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট ২০২৬। ৯:৫৫:০০ এএম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি করার অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। পাল্টা কর্মসূচি হিসেবে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মোল্লা শাহিনের সমর্থকেরাও।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কয়েকশ মানুষ উপজেলা চত্বর থেকে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে গেলে মোল্লা শাহিনের সমর্থকেরা মিছিলকারীদের বাধা দেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে বলে তারা দাবি করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এরপর বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিন ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাসের নেতৃত্বে তার সমর্থকেরা থানার সামনে অবস্থান নেন। সেখানে তারাও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হরিরামপুরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
সারাদেশ | ২৪ আগস্ট ২০২৬
যুবদল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ, মানববন্ধনকে কেন্দ্র করে উত্তপ্ত হরিরামপুর






















