মানিকগঞ্জে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
- প্রকাশিত : বুধবার, ১৭ জুন ২০২৬। ৭:৩১:৪৮ এএম
কিশোরীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে মানিকগঞ্জে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
আজ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) আওতায় সদর উপজেলা ব্রাঞ্চ কার্যালয়ে ‘স্বপ্ন সারথী’ কিশোরীদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে কিশোরীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩১ জন স্কুল ও কলেজপড়ুয়া কিশোরীর হাতে সনদপত্র ও মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তারা পরিবারে অবদান রাখার পাশাপাশি নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করার সুযোগ পাবে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) তারা সাংমা, সদর ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মো. রবিউল ইসলামসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের অফিসার সেলপ ও কমিউনিটি অর্গানাইজার (সুমিপা) খালেদা আক্তার।
ব্র্যাক কর্মকর্তারা জানান, কিশোরীদের ক্ষমতায়ন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্বপ্ন সারথী কর্মসূচির মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং জীবিকাভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর ফলে কিশোরীরা নিজেদের সক্ষমতা বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সারাদেশ | ১৭ জুন ২০২৬
মানিকগঞ্জে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ





















