মানিকগঞ্জে ব্রাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
- প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২৬। ১০:৩৪:৫২ এএম
গবাদি পশুর মানোন্নয়ন, গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে ব্রাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা পরিষদের অডিটোরিয়ামে ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এ প্রশিক্ষণের আয়োজন করে।
জোনাল সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং এরিয়া সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান।

দিনব্যাপী এ প্রশিক্ষণে গবাদি পশুর উন্নত জাত সংরক্ষণ, কৃত্রিম প্রজনন পদ্ধতির আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়াতে ব্যবহারিক দিকনির্দেশনাও প্রদান করা হয়।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম জাহান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের টেরাটোলজিস্ট ডা. মো. মনির হোসেন, ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এজিএম (হেড অব সেলস) মো. এ কে এম রবিউল ইসলাম এবং রিজিওনাল সেলস ম্যানেজার বাদশা মিয়া আকন্দ।
এতে মানিকগঞ্জ, ধামরাই, নবাবগঞ্জ ও দৌলতপুর এলাকার বিভিন্ন সেলস সেন্টারের প্রায় ১২০ জন ব্রাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে সেবা প্রদানকারীদের দক্ষতা বাড়বে, যা গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধি ও খামারিদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সারাদেশ | ৬ মে ২০২৬
মানিকগঞ্জে ব্রাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

















