মানিকগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট ২০২৬। ৪:৩০:৩৪ এএম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহরের কালীবাড়ি এলাকায় স্বরলিপি সংগীত নিকেতনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত ও বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা পর্বে বক্তব্য দেন বিশিষ্ট সংগঠক ও সাবেক অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার এবং মোশাররফ হোসেন সিবেন চক্রবর্তী। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সৃষ্টিকর্ম আজও বাঙালির চিন্তা, চেতনা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে চলেছে।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নাছরিন আহমেদ, নিকুঞ্জ মিত্র, শামিম বিশ্বাস, সম্প্রীতি দাস, সঞ্চিতা দাস, বেলা আয়শা আজাদ, মোশাররফ হোসেন, সলিল সেন, এস হালিম ও কায়সার হোসেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন ও মনোমুগ্ধকর পরিবেশ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ কমল।
আয়োজকরা জানান, রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা ও অসাম্প্রদায়িক মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগীতপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সারাদেশ | ৮ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

























