মানিকগঞ্জে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
- প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬। ১১:২৪:২৩ এএম
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও তার ১০ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টেপড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে।
সনিয়ার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী। তিনি দৌলতপুর উপজেলার খলসী গ্রামের বাসিন্দা।
আবুল হোসেন বলেন, তিনি সাতদিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন। স্ত্রীর মাস্টার্স ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে পরিবার নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, বাসটি উল্টোপথে আসায় ভয় পেয়ে মোটরসাইকেল থেকে স্ত্রী কোলে থাকা শিশুসহ পড়ে যান। এ সময় বাসের আঘাতে স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন। তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়। বাসটি উল্টোপথে না এলে আজ স্ত্রী ও মেয়েকে হারাতে হতো না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাম্মি বলেন, নারীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। ১০ মাস বয়সী শিশুটি তখনও জীবিত ছিল। চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সারাদেশ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু






















