ভারত থেকে গরু পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
- প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬। ৬:২৯:৪১ এএম
ভারত থেকে অবৈধভাবে গরু পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারিও বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, হিলিসহ পাশ্ববর্তী অন্যান্য সীমান্ত দিয়ে ভারত থেকে যেকোনো ধরনের গরু পাচার কিংবা চোরাচালানের কোনো সুযোগ নেই। সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা দিনরাত সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে বর্তমান সময়ে ভারতে বিরাজমান অস্থিরতার বিষয়টি মাথায় রেখে সীমান্তে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কবার্তা গ্রহণ করা হয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী আরও জানান, সীমান্তবর্তী গ্রামগুলোতে বিজিবির পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। একই সাথে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা মাদক পাচার ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
সীমান্ত রক্ষায় বিজিবি সবসময়ই জিরো টলারেন্স নীতি ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ও সীমান্ত সুরক্ষায় বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে।
সারাদেশ | ২০ মে ২০২৬
ভারত থেকে গরু পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
























