বিসিবির মানিকগঞ্জ জেলা কোচ হলেন মো: মাসুদ রানা (আজম)
- প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬। ৯:০০:৩৭ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মানিকগঞ্জ জেলা কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মাসুদ রানা (আজম)। তিনি মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার কালা মিয়ার ছোট ছেলে।
মাসুদ রানা আজমের এ নিয়োগে জেলার ক্রিকেটাঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জেলা পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
মাসুদ রানা আজম বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানিকগঞ্জ জেলা কোচ হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দের ও গর্বের বিষয়। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। মানিকগঞ্জের প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের দক্ষতা উন্নয়নে কাজ করতে চাই। এখান থেকে ভালো মানের ক্রিকেটার তৈরি হয়ে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “ক্রিকেটের উন্নয়নে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে মানিকগঞ্জের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।”
স্থানীয় ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জেলা পর্যায়ে পরিকল্পিত প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ বাড়লে মানিকগঞ্জ থেকে আরও ভালো ক্রিকেটার উঠে আসবে।
সারাদেশ | ১৩ অক্টোবর ২০২৬
বিসিবির মানিকগঞ্জ জেলা কোচ হলেন মো: মাসুদ রানা (আজম)




















